সুন্দরবনের দুবলায় শুরু হচ্ছে শুঁটকি আহরণ মৌসুম

৮১ বর্গমাইলজুড়ে অস্থায়ী জেলে পল্লীতে ১০ হাজার জেলে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরের উপকূলে সুন্দরবনের আলোরকোল, হলদিখালি, কবরখালি, মাঝেরকিল্লা, অফিসকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলার চরে ৮১ বর্গমাইল এলাকাজুড়ে দেশের সর্ববৃহৎ অস্থায়ী দুবলা জেলে পল্লীতে রবিবার ভোর থেকে শুরু হচ্ছে শুঁটকি আহরণ মৌসুম।

দেশের মোট শুঁটকি উৎপাদনের প্রায় ৮০ শতাংশই হয় এই সুন্দরবনের শুঁটকি পল্লীগুলোতে। শনিবার রাত থেকেই প্রায় ১০ হাজার জেলে ও বহদ্দার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লোকালয় ছেড়ে সাগরের পাড়ে গিয়ে অস্থায়ী বসতি গড়ে তুলছেন। তারা আগামী মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত সাগর থেকে মাছ আহরণ করে শুঁটকি তৈরি করবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন

জীবনের ঝুঁকি নিয়েই পেশায় টিকে আছেন জেলেরা
উত্তাল সাগর, বন্যপ্রাণী ও বনদস্যুর হুমকির মধ্যেও জীবিকার তাগিদে জেলেরা প্রতি বছরই মহাজনের ঋণ নিয়ে সুন্দরবনে আসেন। মৌসুম শেষে শুঁটকি বিক্রি করে তারা ঋণ পরিশোধের আশায় থাকেন।

খুলনার ডুমুরিয়ার বহদ্দার রবিন বিশ্বাস বলেন, “প্রতি মৌসুমেই ঋণ করে দুবলার শুঁটকি পল্লীতে আসি। সরকারি সহায়তা পাই না। বনদস্যুদের উৎপাত বেড়েছে, তাই সার্বক্ষণিক নৌবাহিনী ও কোস্টগার্ড টহলের দাবি জানাই।”

বাগেরহাটের শরণখোলা ও মোংলার জেলে আজাদ হোসেন, কামরুজ্জামান পাইক, দ্বীপক মল্লিক ও অরূপ গাইন জানান, “ধার দেনা করেই শুঁটকি মৌসুম শুরু করি। কেউ কেউ এবার সুদের টাকা জোগাতে স্বর্ণের গয়না বন্ধক রেখেছেন। ঝড়-জলোচ্ছ্বাস ও দস্যু আতঙ্কের মধ্যেও জীবিকার জন্য সুন্দরবনে আসতেই হয়।”

বন বিভাগের নিয়ন্ত্রণ ও রাজস্ব আয়
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, শুঁটকি মৌসুমে ৯০০ অস্থায়ী ঘর, ১০০টি ডিপো ও ৮০টি নিত্যপণ্যের দোকান ঘর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, “বন্যপ্রাণী শিকার বা গাছ কাটা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ নিয়ম ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, “গত মৌসুমে দুবলার শুঁটকি পল্লী থেকে ৬.৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। এ বছর ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ না হলে ৮ কোটি টাকার রাজস্ব অর্জনের আশা করছি।”

শুঁটকির গন্ধে ভেসে উঠবে সুন্দরবনের চরগুলো
আগামী কয়েক দিনের মধ্যেই পুরো দুবলা অঞ্চল পরিণত হবে ব্যস্ততম অস্থায়ী জেলে গ্রামে। কক্সবাজার, চট্টগ্রাম, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা থেকে আসা হাজারো জেলে সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করে রোদে শুকিয়ে তৈরি করবেন জনপ্রিয় দুবলা শুঁটকি।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ