মানবিকতা ও নৈতিকতার পাঠে গড়ে উঠছে আগামীর শিশুসাংবাদিক
সাতক্ষীরা প্রতিনিধি : সমাজ পরিবর্তনের শক্তি লুকিয়ে থাকে সচেতন কণ্ঠে। আর সেই কণ্ঠ যদি শিশু বয়স থেকেই সত্যনিষ্ঠা, মানবিকতা ও নৈতিকতার শিক্ষায় গড়ে ওঠে—তবে পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। এমনই এক সমাজ বদলের প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা।
সাতক্ষীরার সাতটি উপজেলার ২০ জন শিশু সাংবাদিককে নিয়ে ‘হ্যালো’-এর উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার মূল লক্ষ্য ছিল শিশুদের মধ্যে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং সমাজ পরিবর্তনের সাহসী মানসিকতা গড়ে তোলা।
গত ১৪ জানুয়ারি বুধবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিশুদের সত্য বলার সাহস শেখাতে পারলে তারাই আগামীর ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবে। এই প্রশিক্ষণ তাদের চিন্তা ও মননকে সমৃদ্ধ করবে।”
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন হ্যালো’র তত্ত্বাবধায়ক ও সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। তিনি বলেন, “শিশুদের সাংবাদিকতা শেখানো মানে শুধু খবর লেখা শেখানো নয়; বরং সত্য ও মানবিকতার পক্ষে দৃঢ় অবস্থান নিতে শেখানো।”
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম টুটুল এবং ন্যাশনাল চিল্ড্রেন টাস্কফোর্সের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ও হ্যালো’র শিশু সাংবাদিক তীর্যক মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু প্রতিনিধি মায়িশা মৌনতা। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন আঞ্জুমান আরা খাতুন।
নাজমুন নাহার বলেন, “শিশুদের মধ্যে মানবিকতা ও নেতৃত্বের গুণ তৈরি করা গেলে তারাই আগামী দিনের আলোকিত সমাজ গড়ে তুলবে।”
জাহারুল ইসলাম টুটুল বলেন, “শিশু বয়স থেকেই তথ্য যাচাইয়ের অভ্যাস তৈরি হলে তারা কখনো গুজবের অংশ হবে না।”
কর্মশালার একটি বিশেষ আকর্ষণ ছিল প্রতিকী সাংবাদিক গাড়ির ফটোস্ট্যান্ড, যা শিশুদের মাঝে বাড়তি উৎসাহ সৃষ্টি করে।
দুই দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিডিনিউজের আন্তর্জাতিক বিভাগের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস। তিনি হাতে-কলমে শিশুদের সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ লেখা ও সাংবাদিকতার নৈতিক দিকগুলো শেখান।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শিমুল মণ্ডল। তিনি বলেন, “এই শিশুরা ভবিষ্যতে বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে উঠবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিনা বিলকিস ময়না, মিলন কবির, অধ্যাপক অভিজিৎ সাহা, আহসানুর রহমান রাজীব, দেবাশীষ জোয়ার্দার, কৃষ্ণ ব্যানার্জী, জাকির হোসেনসহ শিশুসাংবাদিক তাসিন মাহমুদ ও উজ্জয়নী জোয়ার্দার মুমু। সভাপতিত্ব করেন সুজানা জোয়ার্দার।
দুই দিনের প্রশিক্ষণ শেষে শুক্রবার ও শনিবার শিশুরা মাঠপর্যায়ে নিজেরাই সংবাদ নির্মাণে অংশ নেয়।
সাতক্ষীরা সদরের বিনেরপোতায় অবস্থিত বিনা’র আধুনিক ডিজিটাল ট্রেনিং হলরুমে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন ধর্ম ও জনগোষ্ঠীর ছেলে ও কন্যা শিশুরা অংশগ্রহণ করে।
শিশুদের চোখে ছিল আত্মবিশ্বাস, কণ্ঠে ছিল সত্য বলার সাহস। অভিভাবক ও প্রশিক্ষকদের সহায়তায় এই শিশুসাংবাদিকদের পথচলা একদিন সমাজের জন্য হয়ে উঠবে সত্য ও মানবিকতার নির্ভরযোগ্য কণ্ঠস্বর।

