সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব
মাসুদ আলী: সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ হলে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাহিত্যিক ও গবেষক ড. মোহাম্মদ আবদুল মজিদ।
সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী। সংবর্ধিত ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, প্রাবন্ধিক ও গবেষক ড. গোলাম কিবরিয়া পিনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর আব্দুল মান্নান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের প্রশিক্ষক ড. সীমা ইসলাম, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান এবং সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম. জামান প্রমুখ।
আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ড. এম. আমানুল্লাহ এবং কবি, সাহিত্যিক ও গবেষক ড. সবুজ শামীম আহসান। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের এই সাহিত্য সম্মেলন কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পীসহ সাংস্কৃতিক অঙ্গনের সাহিত্যপ্রেমী মানুষের মিলনমেলায় পরিণত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মোসফিকুর রহমান মিল্টন এবং কবি ও সাহিত্যিক দিলরুবা রোজ (রুবি)।

