শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

জামায়াত প্রার্থীর মৃত্যু

ঢাকা: শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ইসি।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর অনুচ্ছেদ ১৭(১) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোটগ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হয়।

আইন অনুযায়ী, প্রার্থীকে অবশ্যই নির্বাচন কমিশনের স্বীকৃত ‘বৈধ প্রার্থী’ হতে হবে। প্রার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। পরে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

তবে আইনে কিছু ব্যতিক্রমও রয়েছে। যদি মৃত ব্যক্তি চূড়ান্তভাবে বৈধ প্রার্থী হওয়ার আগেই মারা যান, অথবা একই দলের অন্য কোনো বৈধ প্রার্থী ওই আসনে থাকেন, তাহলে নির্বাচন স্থগিতের প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন। দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ